জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৫:৪২
অ- অ+

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আখতারুজ্জামানকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তার অনুপস্থিতিতে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাকসহ ৩০ জনের বেশি আইনজীবী এবং বিএনপিপন্থি ৪০ জনের বেশি আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

শুনানি শুরুর আগে দুপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা দিলে বিচারক এজলাস থেকে নেমে খাসকামরায় চলে যান। পরে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আইনজীবীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে আখতারুজ্জামানও দুই হাত জোড় করে আইনজীবীদের শান্ত হতে বলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বিচারক এজলাসে ফিরে শুনানি শুরু করেন।

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আখতারুজ্জামান বলেন, ‘আমি অসুস্থ। আমার পক্ষে ১০ জন আইনজীবীকে শুনানি করার অনুমতি দিন।’

আসামিপক্ষ তার জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন আদালতে নেওয়ার আগে নিজের হেলমেট ছুড়ে ফেলে তাকে বলতে দেখা যায়, ‘সরকারের অবৈধ অর্ডার মানি না।’ এ সময় পুলিশ সদস্যদেরও ধমক দিতে দেখা যায় তাকে।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় গত শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধমকির পর্যায়ে পৌঁছায়।

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!
খুলনায় চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা