কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সন্ধ্যায় লালনের আখড়াবাড়ি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে কী ঘটেছে, পুলিশ সদস্যরা বিস্তারিত জানালে এ বিষয়ে বলা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া যাওয়ার পর রবিবার সন্ধ্যার দিকে লালন শাহের আখড়াবাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখান থেকে ফেরার সময় আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে অজ্ঞাত কিছু যুবকের নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়। একই সময় তাদের গাড়িবহরেও ভাঙচুর হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













