ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে গুলাগুলি, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) নামের দুজন আহত হয়।
শনিবার রাতে উপজেলার চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণের সময় ওই গ্রামের অহিদ মিয়া বাধা দেয়ায় গ্রামবাসীর সাথে তার বিরোধ চলে আসছিল। সম্প্রতি সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। সড়কটি নির্মাণের পর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষ দেয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে বিরোধ আরো বাড়ে।ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হবার শঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হয়। এনিয়ে গেল কয়েকদিন ধরে ট্রাক্টর ব্যবসাকে কেন্দ্র করে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যেে উত্তেজনা বিরাজ করছিল। এরজের ধরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে চরলাপাং গ্রামে হামলা চালায়। এ সময় ফুল মিয়া ও উম্মে হানি নামের দুইজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে গুলাগুলির খবর পেয়েছি। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকা টাইমস/৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











