পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
রবিবার (৪ অক্টোবর) ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পাকনেজাদের পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন ইরান তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে দেশটির তেল রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সীমিত হয়ে পড়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে প্রথমবারের মতো ইরান কোনো অপরিশোধিত তেল ট্যাংকারে তুলতে পারেনি। এর আগে আগস্টে দেশটি প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ট্যাংকারে তুলেছিল।
ইরানের অর্থনীতিতে তেল খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তেল রপ্তানি কমে যাওয়া এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ দেশটির রাজস্ব ও বৈদেশিক মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
তবে এসব অর্থনৈতিক চাপ কিংবা তেল রপ্তানির সংকটের সঙ্গে মোহসেন পাকনেজাদের পদত্যাগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।
পাকনেজাদের পর ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে হামিদ বোভার্দের নিয়োগের মধ্য দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আপাতত পরিবর্তন এলো। তবে স্থায়ীভাবে নতুন তেলমন্ত্রী নিয়োগের বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
(ঢাকাটাইমস/৫ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











