ইরানে আমরা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছি: ট্রাম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৭
অ- অ+

ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে এখন আলোচনার জন্য উপযুক্ত ইরানি কর্মকর্তা খুঁজে পেতে ওয়াশিংটনকে বেগ পেতে হচ্ছে বলেও মনে করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী প্রচারণা সমাবেশে যোগ দেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না, ইরানে কাদের সঙ্গে কাজ করব। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না।’

ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন যাদের বিবেচনায় রেখেছিল, তাদের কেউই ওই পদে বসতে রাজি হচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘সত্যি বলতে, কাদের সঙ্গে আলোচনা করব, তা ঠিক করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয়, আমরা বাড়াবাড়ি করে ফেলেছি।’

এদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নিজের আগের দাবিও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, প্রায় আট মাসের যুদ্ধে ইরান বিমানবাহিনী হারিয়েছে এবং দেশটির নৌবাহিনীর ১৫৯টি জাহাজই ধ্বংস হয়েছে।

ইরানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে তাঁর এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য এলো। ইরানের প্রতিরক্ষা বাহিনীর হামলায় হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে এ পর্যন্ত এসব জলসীমায় অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
পঞ্চগড়ে দেখা মিললো কাঞ্চনজঙ্ঘার, বাড়ছে পর্যটকদের ভিড়
দিল্লিতে যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতাকর্মীরা
দাউদকান্দিতে গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু