ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬, মামলা ৫১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ২৬ জন, গোয়েন্দা বিভাগে দুজন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












