মাদক, কিশোর গ্যাং ও র্যাগ ডে ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির কঠোর নির্দেশনা

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে বিশেষ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের বলা হয়েছে।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন এবং প্রচারপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিচালকদের আওতাধীন জেলাগুলোর মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের অগ্রগতি ছক আকারে প্রস্তুত করতে হবে।
নির্ধারিত ছকে এসব তথ্য সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলে মাউশিতে পাঠাতে হবে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের।
(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













