চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের উত্তর প্রান্তের টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০টি ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পতেঙ্গা থানা এলাকায় আলিফা পরিবহনের একটি লোকাল বাসে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– আবুল হাসেম (৪২) ও মোবাইরুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে বাসটি থেকে ৮ হাজার ৫০০টি ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম খান বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












