পাবলিক প্লেসে জনপরিচিত ব্যক্তিকে বিদ্রূপ, কী বলে মার্কিন আইন?

যুক্তরাষ্ট্রের কোনো পাবলিক প্লেসে কোনো পাবলিক ফিগারকে উদ্দেশ্য করে কটূক্তি করা বা তাঁকে বিদ্রূপ করা বেআইনি নয়। দেশটির সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এধরণের বক্তব্যকে আইনী সুরক্ষা দেয়।
যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা একটি মৌলিক সাংবিধানিক অধিকার। কোনো রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা কিংবা জনপরিচিত ব্যক্তির সমালোচনা করা, এমনকি সেই সমালোচনা তীব্র, কটু বা আপত্তিকর হলেও, অনেক ক্ষেত্রেই আইন দ্বারা সুরক্ষিত। কারণ, গণতন্ত্রে ক্ষমতাবানদের সমালোচনা করার অধিকার নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার।
যুক্তরাষ্ট্রের আইনে বিদ্বেষমূলক বক্তব্যও (hate speech) সাধারণত বাকস্বাধীনতার সুরক্ষা পায়। অর্থাৎ, কোনো বক্তব্য কেবল অপমানজনক বা আপত্তিকর বলেই তা বেআইনি হয়ে যায় না। তবে কাউকে সহিংসতার বিশ্বাসযোগ্য হুমকি দেওয়া, যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা কিংবা বেআইনি হয়রানি করা ভিন্ন বিষয়। এসব ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
মূল কথা হলো, কারও বক্তব্য অপছন্দ হলেই তা অপরাধ হয়ে যায় না। কোনো জনপরিচিত ব্যক্তি সমালোচনা বা বিদ্রূপে বিব্রত হলেই সেই বক্তব্যকে বেআইনি বলা যায় না। গণতন্ত্রে বাকস্বাধীনতার মূল্য সেখানেই, যেখানে অপছন্দের কথাটিও বলার অধিকার স্বীকৃত হয়। তবে এই অধিকারও আইনের নির্ধারিত সীমার মধ্যে প্রয়োগ করতে হয়।
লেখক: রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞ ও শিক্ষক
(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













