এক দিনে দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান, দেড় কোটি টাকার পণ্য জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:২৮
অ- অ+

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব পণ্যের শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

গত সোমবার (১২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অভিযান চালানো হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে আসেন ফাতেমা তুজ জোহরা। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁর ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তাঁর কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ককরসহ আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওই ফ্লাইটের যাত্রী তানবীর হাসান রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে কাস্টমস হলরুমে তল্লাশি করে তাঁর জুতার ভেতর থেকে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।

একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ করা এসব স্বর্ণের শুল্ককরসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।

এদিকে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন যাত্রীর কাছ থেকে মোট ৯০২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মধ্যে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার রয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে স্বর্ণ ও উচ্চমূল্যের পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিভিত্তিক যাত্রী শনাক্তকরণ ও অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়েছে: জাহাঙ্গীর আলম 
সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে: কায়সার কামাল
প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী