এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে জানাল সরকার

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দুই মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে এসব শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সৈয়দ আখতারুজ্জামান বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ফল প্রকাশের পর দুই মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার আয়োজন করা হবে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এ বিষয়ে বোর্ডে বৈঠক হয়েছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও তাদের পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুততম সময়ে পরীক্ষার সুযোগ দিতে তারা প্রস্তুত রয়েছেন।
এর আগে গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষ পর্যন্ত অপেক্ষা করার সময় কমবে। তবে পুনরায় পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সময়সূচি, নিয়ম ও পদ্ধতি সম্পর্কে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












