সারের ডিলারশিপ পেয়েছেন সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকারা: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৬:৫৫
অ- অ+

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের সুযোগ পাওয়ার অভিযোগ তুলে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, সারের ডিলারশিপ পেয়েছেন কোনও কোনও সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকারাও। একই অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তার ভূমিকার সমালোচনা করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সারের ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও ডিলার পেয়েছে, আবার এমপির শ্যালিকাও পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।’

এ ধরনের মানসিকতার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নিচু মন-মানসিকতা ত্যাগ করে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিতে হবে। জেন-জি প্রজন্মের তরুণদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি একজন গুন্ডা। তাকে শিক্ষার্থীরাও চায় না, একইভাবে শিক্ষকরাও চান না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘উপাচার্য এতদিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। পরে ছাত্রদলের কয়েকজনের সহায়তায় তাকে জোর করে চেয়ার দখল করতে হয়েছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নেই। সব ক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু,  আক্রান্ত ২১৬৭
জাতীয় পার্টির ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: আবু হানিফ
যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর চার টুকরো, স্বামী গ্রেপ্তার
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: উপদেষ্টা তিতুমীর