মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব

মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালান্স নেওয়ার সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের চার মোবাইল অপারেটর। এ সুবিধার জন্য গ্রাহকদের ১০ টাকা সেবা ফি এবং এর ওপর প্রযোজ্য কর দিতে হতে পারে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন সভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। অপারেটরগুলোর যুক্তি, ইমার্জেন্সি ব্যালান্সের সীমা বাড়ানো হলে গ্রাহকেরা বেশি দামের প্যাকেজও কিনতে পারবেন।
বিটিআরসির নথিপত্র অনুযায়ী, ২০১৯ সাল থেকে দেশের চার মোবাইল অপারেটর ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দেওয়ার সুবিধা চালু রেখেছে। এর মধ্যে ১০ টাকা পর্যন্ত ব্যালান্স নিতে কোনো সেবা ফি দিতে হয় না। তবে এর বেশি অঙ্কের ক্ষেত্রে ২ টাকা ৭৮ পয়সা থেকে প্রায় ৭ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়।
ইমার্জেন্সি ব্যালান্সের সেবা ফি নির্ধারণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। তিনি বলেন, ‘ইমার্জেন্সি ব্যালান্সে সার্ভিস ফি কত টাকা হবে, তা নিয়ে আলোচনা চলছে। চলতি মাসে পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
বর্তমানে দেশের ১৯ কোটির বেশি সিম সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর। ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে জরুরি প্রয়োজনে গ্রাহকেরা আগের চেয়ে বেশি ব্যালান্স নেওয়ার সুযোগ পাবেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













