ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, অপরাধীদের শাস্তির আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৫২
অ- অ+

খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সন্ধ্যায় তিনি আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার খোঁজখবর নেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শাহ আলমের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। আহত পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে শাহ আলম ও তার পরিবারকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

যেভাবে হামলার শিকার হন পুলিশ কর্মকর্তা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা তার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
সরাইলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী