মুন্সীগঞ্জের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮| আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫২
অ- অ+

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে স্থানীয় জনপ্রতিনিধি থেকে জাতীয় সংসদের সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আব্দুল হাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। তাঁর বাবা মনির উদ্দিন ছিলেন ব্যবসায়ী। স্ত্রী জামিলা খাতুন, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে ছিল তাঁর পরিবার। তাঁর বড় ভাই মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল হাই মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বিএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন এই বীর মুক্তিযোদ্ধা।

১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন আব্দুল হাই। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর সংসদীয় রাজনীতির সূচনা হয়। এরপর ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, একই বছরের ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। সব মিলিয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। পরে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে প্যানেল স্পিকার নির্বাচিত হন। সংসদ সদস্য ও উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন তিনি। জেলা বিএনপির সভাপতি ছাড়াও দলের কেন্দ্রীয় পর্যায়ে কোষাধ্যক্ষসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রয়াত এই নেতাকে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ও গণমানুষের নেতা হিসেবে উল্লেখ করেন।

শোকবার্তায় কামরুজ্জামান রতন বলেন, দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে অঞ্চলের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আব্দুল হাই। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুল হাইয়ের মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানের লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১,৭০২ জন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, মামলা ৪২