বান্দরবানে দুর্গাপূজায় নিরাপত্তায় বিজিবির বিশেষ প্রস্তুতি

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, ১৮:০৭
অ- অ+

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বান্দরবান সদর ও থানচি উপজেলায় নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা, নিয়মিত টহল ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে তিনটি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চারটি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম কার্যকর করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি। দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, পূজাকে কেন্দ্র করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিজিবির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পেশাদারত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালনে ব্যাটালিয়ন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে নিকটস্থ বিজিবি বেইজ ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতেও বিজিবি কাজ করছে। শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ অক্ষুণ্ণ রাখতে ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছে বলিপাড়া ব্যাটালিয়ন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার
অভিজিৎ দীপকে আবারও আটক
শনিবার খোলা সব সরকারি অফিস ও ব্যাংক
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড