সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিন্ডিকেটের কয়েকজন সদস্যের বরাত দিয়ে জানা গেছে, উপাচার্য মেসেজের মাধ্যমে সদস্যদের সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে সভায় অংশ নেয়ার বিষয়ে একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই নিশ্চিত করে কিছু জানাননি।
চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইনে সভায় ডাকা হয়েছে। তিনি ছুটিতে থাকায় সভায় যোগ দিতে পারবেন কি না, তা নিশ্চিত নন।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, উপাচার্য মেসেজ পাঠিয়ে সভা আহ্বান করেছেন। তবে মেসেজের মাধ্যমে সিন্ডিকেট সভা আহ্বান করা নিয়মসিদ্ধ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রারের মাধ্যমে সভার চিঠি পাঠাতে হয়।
এ বিষয়ে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি আগেই রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে নিয়মিত প্রক্রিয়ায় রেজিস্ট্রারের মাধ্যমে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়নি।
সিন্ডিকেট সভার বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার চুয়েটের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন উপাচার্য। পরে সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তাকে সেখান থেকে বের করে আনা হয়। এরপর জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল।
চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরে উপাচার্যের সিন্ডিকেট সভা আহ্বানের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও সভা আহ্বানের নিয়ম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













