দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি, পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
এদিকে, ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কমিটির আহ্বায়ক ও কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. হারুন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছুটি চলাকালীন সব হল বন্ধ থাকবে। এ সময় কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না। তবে বিশেষ কারণে কেউ হলে অবস্থান করলে হল অফিসে সংরক্ষিত রেজিস্টারে উপযুক্ত কারণ উল্লেখ করে নিজের পরিচয় লিপিবদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে তাকে নিজ দায়িত্বে থাকতে হবে। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে আমরা চাইব, ছুটিতে হলে কেউ না থাকুক।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে ৫ দিন সকল একাডেমিক এবং প্রশাসনিক কর্যক্রম ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’
(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













