হুতিদের হামলার জেরে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলা ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী। ফ্লাইট বাতিল হওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সৌদি আরবপ্রবাসী বাংলাদেশিরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে যাত্রী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদিগামী বিভিন্ন ফ্লাইটের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় অনেকে উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন।
বেবিচকের সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত সৌদিগামীসহ বিভিন্ন এয়ারলাইনসের আরও তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টিতে। এসব ফ্লাইটের ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরবের রিয়াদসহ কয়েকটি স্থানে হুতিদের বোমা হামলার ঘটনা অব্যাহত থাকলেও বাংলাদেশ থেকে সৌদিগামী ওমরাহযাত্রীদের যাত্রা চলছে।
বিমানবন্দরে কয়েকজন ওমরাহযাত্রী জানান, তাঁরা আল্লাহর ওপর ভরসা করে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। তাঁদের বিশ্বাস, মহান সৃষ্টিকর্তা তাঁদের হেফাজত করবেন।
এদিকে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতে নির্ধারিত সময়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের উদ্বেগ আরও বেড়েছে।
এ পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত সময়সূচি এবং টিকিট পরিবর্তনের নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













