দুর্গাপূজার নিরাপত্তায় ৩৪০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ১৫:০৮
অ- অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। আগামীকাল শুক্রবার থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কোস্ট গার্ডের নিরাপত্তা কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় টহল বাড়ানোর পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, তাদের ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোনে (চট্টগ্রাম) ৬৩টি, পশ্চিম জোনে (মোংলা) ১৪৪টি এবং দক্ষিণ জোনে (ভোলা) ৩৭১টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে। এসব মিলিয়ে মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ড জানিয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, গুজব ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা

প্রতিমা বিসর্জনের সময় নদীপথে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নৌযানে না তোলা, নৌযানে থাকা সবাইকে লাইফ জ্যাকেট পরানো এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার পরামর্শ দিয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হবে।

এ ছাড়া প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজ পরিচালনার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।

জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের সেবা পেতে ১৬১১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেলওয়ের জায়গা যেন দখলদারদের পৈত্রিক সম্পত্তি
দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
হুতিদের হামলার জেরে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী
শ্রীপুরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভয়ে দুদিন ঘরবন্দি