বিএসএফের আটক থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরাল বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটে শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি ওই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, দুই বাহিনীর মধ্যে কার্যকর যোগাযোগের ফলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












