মাঝরাতে অরিজিনাল ভিডিও দেখালেন ‘সাহসী’ পরীমনি!

এআই ভিডিও নিয়ে বিতর্কের মাঝেই মাঝরাতে লাইভে ‘সাহসী’ অভিনেত্রী পরীমনি। জুতার ক্যাবিনেট দেখিয়ে বললেন ‘অরিজিনাল’, সমালোচকদের দিলেন কড়া জবাব। একইসঙ্গে মামলা-মোকদ্দমার পথে না গিয়ে সরাসরি জবাব দেওয়ার কথাও জানান এই অভিনেত্রী।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআই প্রযুক্তিতে তৈরি পরীমনির একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হয়। ঘটনাটি ঘিরে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন পরীমনি।
লাইভে পরীমনি বলেন, ভিডিওটি নতুন নয়। প্রায় এক থেকে দেড় বছর আগেই অনেকে তাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়েছিলেন। তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সেটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে ছড়িয়ে পড়ে। তার মতে, দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে এমন ভিডিও প্রকাশিত হলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুঃখ প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। পরীমনির ভাষ্য, শুধু ‘সরি’ বললেই সবকিছু শেষ হয়ে যায় না। ভিডিওটি প্রকাশের পর দীর্ঘ সময় ধরে অনলাইনে থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চাইলে আরও দ্রুত সেটি সরিয়ে ফেলা সম্ভব ছিল।
লাইভের একপর্যায়ে নিজের পেছনে থাকা জুতার ক্যাবিনেট দেখিয়ে পরীমনি বলেন, সেখানে থাকা জুতাগুলো আসল। এ সময় ‘অরিজিনাল’ শব্দটি ব্যবহার করে এআই দিয়ে তৈরি ভিডিও এবং বাস্তবতার মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন, তাদেরও সমালোচনা করেন পরীমনি। তার অভিযোগ, কেউ কেউ অন্যের পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে ভিডিওটির লিংক আছে কি না, তা জানতে চাইছেন। এ ধরনের আচরণের মাধ্যমে তারা নিজেদের মানসিকতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় কথা বলেন পরীমনি। তিনি জানান, কেউ তাকে গালি দিলে তিনিও পাল্টা জবাব দেবেন। মামলা করার পরামর্শ প্রসঙ্গে বলেন, মামলা-মোকদ্দমার পথে যেতে চান না; বরং যারা তাকে আক্রমণ করছেন, তাদের সরাসরি জবাব দিতে চান।
লাইভে নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পরীমনি আরও বলেন, ভিডিওটি নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ দেখে তার বিকিনি, স্বচ্ছ পোশাক কিংবা নগ্ন ফটোশুট করার কথাও মনে হয়েছে। তবে এ বক্তব্যের মাধ্যমে তিনি বাস্তবে এমন কোনো ফটোশুট করেছেন, এমন তথ্য দেননি।
লাইভের শেষদিকে সমালোচকদের নিজের জীবন নিয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী। ইংরেজিতে বলেন, ‘ফোকাস অন ইউর লাইফ! গেট এ লাইফ, হানি।’ এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেই লাইভ শেষ করেন পরীমনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













