অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’ কে এই যুবক, হঠাৎ কেন আলোচনায়?

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে ওই যুবককে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বুধবার সন্ধ্যায় দেওয়া পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’ একই সঙ্গে ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর জন্য শুভকামনা ও ভালোবাসা প্রকাশ করেন অভিনেত্রী।
অপু বিশ্বাসের সঙ্গে ছবিতে থাকা যুবকের পরিচয় নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী।
জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানিয়েছেন, ফেরদৌস হাসানের কাছ থেকে ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন তিনি। নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস পাওয়ার পাশাপাশি নিজস্ব উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণাও পেয়েছেন তাঁর কাছ থেকে।
অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক পথচলায় যাঁর কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন, জন্মদিনের পোস্টে সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
পোস্টের শেষাংশে অপু বিশ্বাস তাঁদের বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশা জানিয়েছেন। তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













