দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ নিরাপত্তায় বিজিবি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঠাকুরগাঁওসহ সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজা চলাকালে শহর ও গ্রামাঞ্চলে নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৫০ বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার সুরুজ মিয়া।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার শ্রী শ্রী শান্তিনগর মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেক্টর কমান্ডার সুরুজ মিয়া বলেন, সবাই যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।
তিনি বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। কোথাও সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা হচ্ছে।
উল্লেখ্য — এবার আগামীকাল শুক্রবার থেকে ঠাকুরগাঁও জেলা মোট ৪৭৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার কথা রয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও সহ জেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী।
(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










