সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭

যশোরের ঝিকরগাছায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে পূজামন্দিরের ভেতরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপির সদস্যরা সাতজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ১ নম্বর বারোয়ারি কৃষ্ণনগর পূজামন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে আনুমানিক ১৫ থেকে ২০ কিশোর গ্যাং সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে তারা পূজামন্দিরের ভেতরে প্রবেশ করলে দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপির ছয় সদস্য এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে জড়িত সাত কিশোরকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সময় দায়িত্ব পালন করেন আনসার-ভিডিপির কমান্ডার মো. আব্দুল আলীম, ভিডিপি সদস্য মুছা করিম, আনসার সদস্য মো. আব্দুল হাকিম, আনসার সদস্য মো. রাকিব হোসেন, ভিডিপি সদস্য হাসিবুল ইসলাম ও আনসার সদস্য মো. আব্দুর রহিম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













