সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি বাংলাদেশ সরকার। এ ঘটনায় বিস্তারিত জানতে সৌদি আরবের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ গুরুতর অন্যায় করলে অভিযুক্ত ব্যক্তিদের সাজা দেওয়া হয়। সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।
প্রবাসী বাংলাদেশিদের বিদেশে অবস্থানের সময় সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার পরামর্শ দেন শামা ওবায়েদ। তিনি বলেন, সৌদি আরবের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানা যাবে। তাদের মরদেহ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও তখন জানা সম্ভব হবে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। তারা হলেন– নজরুল ইসলাম ও সুইটি আখতার।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করেছিল। পরে তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
গতকাল শুক্রবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের একটি সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি কনস্যুলেটের নজরে আসে। এরপর ঘটনার বিস্তারিত জানতে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












