মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
শনিবার টার্মিনালের পুলিশ বক্সের পাশে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সহযোগিতা করেছে হক গ্রুপ।
ক্যাম্পে বাসচালক, সুপারভাইজার, হেলপার ও কাউন্টারকর্মীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় তাদের ডিজিটাল হেলথ প্রোফাইল তৈরি, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও বডি মাস ইনডেক্স (বিএমআই) পরিমাপ এবং চিকিৎসকের সরাসরি পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়।
এ সময় গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক জুবায়ের, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
পুলিশ জানায়, পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন খাতের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













