জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় বসছে এবি পার্টি

জুলাই সনদের প্রতিশ্রুতি ও রাষ্ট্র সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার ১ বছর: সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আগামীকাল রবিবার সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নে গত এক বছরের অগ্রগতি, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সভায় আলোচনা হবে। পাশাপাশি সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অবস্থান, দায়িত্ব ও করণীয় নিয়েও আলোচনা করা হবে।
এবি পার্টির দাবি, জুলাই সনদ নিয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোট রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের সুস্পষ্ট রায়। তবে সেই রায় কার্যকর না করে সরকার জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করাকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মনে করে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু রাজনৈতিক অঙ্গীকার যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ। সনদের প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হয়েছে, জনগণের প্রত্যাশা পূরণে কোথায় ঘাটতি রয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে এবি পার্টি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













