সফিপুরে আনসার একাডেমিতে সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন মহাপরিচালক

প্রশিক্ষণের আধুনিকায়ন ও সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি একাডেমির নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন।
শনিবার তিনি একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ ছাড়া বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
একাডেমির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড অনুসরণ, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি বাহিনীর সাংগঠনিক কাঠামো, লক্ষ্য ও জননিরাপত্তায় ভূমিকা তুলে ধরেন। ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও টাউন ডিফেন্স পার্টির (টিডিপি) কার্যক্রম এবং পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন। একই সঙ্গে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
পরিদর্শনের সময় মহাপরিচালক একাডেমির কারিগরি, কুটিরশিল্প ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। হস্ত ও কারুশিল্পের বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সের আওতায় থাই-চাইনিজ, বাঙালি ও ভারতীয় খাবার প্রস্তুত, কফি ও জুস তৈরি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ও আয়বর্ধক দক্ষতা অর্জনের নির্দেশনা দেন তিনি। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন।
মহাপরিচালক নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধনের পাশাপাশি ১০০ মিটার ফায়ারিং রেঞ্জ ও ফায়ারিং প্রশিক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া ড্রাইভিং সিমুলেটর পরিদর্শন করে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপদ অনুশীলন এবং কার্যক্রম পরিচালনার প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রযুক্তি ও জ্বালানি ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে তিনি সৌরবিদ্যুতের মাধ্যমে একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা দেখেন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক বাসস্থান, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স ও অরণ্য রিসোর্ট পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণ অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প জ্বালানির কার্যকর ব্যবহার, আবাসনসুবিধার উন্নয়ন এবং প্রশিক্ষণবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













