ভারত থেকে এলো ১৮টি রেলকোচের প্রথম চালান

ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের প্রথম চালান দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছে। শনিবার ভোর পাঁচটার দিকে কোচগুলো কারখানায় আনা হয়।
বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ এসেছে।
প্রথম চালানে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ ও দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কার দুটিতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেলকোচ কারখানায় তৈরি করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কোচগুলো খোলার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান করা হবে। এ জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যানসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, কারখানায় আনা কোচগুলো এখনো খোলা হয়নি। শিগগিরই এগুলো খুলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ কাজে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরাও অংশ নেবেন।
তিনি আরও বলেন, কারখানায় যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলোর ট্রায়াল রান করা হবে। এরপর সেগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।
এদিকে রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কারখানা শাখার সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান কোচগুলো দিয়ে সরাসরি চিলাহাটি-কক্সবাজার পর্যটন রুটে একটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন। তার মতে, পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত কোচগুলো রেলবহরে যুক্ত করা হলে কোচের সংকট কমবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













