ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২, আহত ৩০

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর ধানবোঝাই একটি ট্রাক উঠে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় ভক্তদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, ছিনোর দিক থেকে আসা একটি ভারী ট্রাক নির্ধারিত ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে সড়কে থাকা ভক্তদের চাপা দেয়। পরে ট্রাকটি মন্দিরের মূল ফটক ও প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবরাত্রি উপলক্ষে শীতলা মাতা মন্দির এলাকায় বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অ্যাম্বুলেন্সে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













