কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, বিজিবির কড়া অবস্থান

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রবিবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাগবান্ধা সীমান্ত এলাকায় ১০৬৯ নম্বর প্রধান সীমান্ত পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। সীমান্তের ওপারে অবস্থান নেওয়া বিএসএফ সদস্যরা কিছু মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।
যাদুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের দাবি, এর আগের রাতেও একই সীমান্তের সুদুরটিলা ক্যাম্প এলাকা থেকে দুটি ট্রাকে করে বেশ কয়েকজনকে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে আসে বিএসএফ। রাতের অন্ধকারে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও বিজিবির সমর্থনে সীমান্ত এলাকায় জড়ো হন। তাদের উপস্থিতি এবং বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয় বলে দাবি স্থানীয়দের।
সীমান্ত এলাকায় বসবাসরত কয়েকজন বাসিন্দা জানান, ভারতের আসাম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুদের সীমান্তসংলগ্ন ক্যাম্পে এনে জড়ো করা হচ্ছে বলে তারা আত্মীয়-স্বজনদের মাধ্যমে জানতে পেরেছেন। পরে সুযোগ বুঝে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, শনিবার রাতে সীমান্তের আলো নিভিয়ে কিছু মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। পরদিন রাতেও একই ধরনের চেষ্টা চালানো হয় বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধীন খেওয়ারচর বিওপির ল্যান্স নায়েক সুমন আলী বলেন, সীমান্তের ওপারে কিছু লোকজনকে জড়ো করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা পুশইন হতে দেওয়া হবে না।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি টহল জোরদার করেছে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































