মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান

মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তবে আত্মরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল প্রদর্শনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, ইশরাক হোসেন একজন তরুণ উদীয়মান নেতৃত্ব। রাজপথে সংগ্রাম করে সারা দেশের নেতাকর্মীদের মন জয় করার মধ্য দিয়ে তিনি প্রতিমন্ত্রীর আসনে বসেছেন। একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি বাংলাদেশকে মনেপ্রাণে ধারণ করেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁকে সব সময় সোচ্চার থাকতে দেখা গেছে।
রাশেদ খান লেখেন, মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান অবশ্যই প্রশংসনীয়। তবে মাদকসেবীদের আক্রমণের আশঙ্কায় আত্মরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল বের করা নিয়ে অনেকে সমালোচনা করছেন। তিনি আশা প্রকাশ করেন, ইশরাক এ সমালোচনাকে ইতিবাচকভাবে নেবেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।
মাদকসেবীদের আচরণ ও নিরাপত্তাঝুঁকির প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, তাঁরা অনেক সময় জনপ্রতিনিধি, পুলিশ কিংবা প্রশাসনের কর্মকর্তাদেরও চিনতে পারেন না। মাদকের ঘোরে তাঁরা যেকোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন।
তিনি আরও লেখেন, মাসখানেক আগে গাজীপুরে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এ ধরনের ঘটনা বিবেচনায় নিয়ে আরও সচেতনভাবে কাজ করা প্রয়োজন।
রাশেদ খানের মতে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ইশরাক হোসেন জনসাধারণকে সঙ্গে নিয়ে তাঁর নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক উদ্যোগ নিলে তা প্রশংসনীয় হবে।
ইশরাকের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ইশরাক জানিয়েছেন, তিনি পুলিশকে খবর দিয়ে মাদকসেবীদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। তাঁরা যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
দেশে মাদকের বিস্তার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশ-প্রশাসনের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাশেদ খান বলেন, এ পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে জনসাধারণের প্রতিরোধের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে একজন জনপ্রতিনিধি হিসেবে ইশরাক ভবিষ্যতে আরও সতর্ক থেকে জনদাবি আদায়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













