ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
আজ সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী লোকাল বাসটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।
উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে আটজন আহত যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।”
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































