ভিডিও ফাঁস: ক্যালকুলেটরে গোনে ১৫ শতাংশ ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা ছাড়া তিনি কোনো ফাইলে সই করেন না এবং বরাদ্দ অনুযায়ী নির্দিষ্ট হারে কমিশন না দিলে জনপ্রতিনিধিদের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
এমনই এক ভিডিও ফাঁস হয়েছে পিআইওর। সম্প্রতি তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্যের সঙ্গে কমিশনের টাকা নিয়ে দেনদরবার এবং ঘুষ গ্রহণের একটি ভিডিও ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে।
ভিডিওটিতে দেখা যায়, পিআইও বাবুল চন্দ্র রায় উপস্থিত মেম্বারদের সঙ্গে ঘুষের টাকা নিয়ে দরকষাকষি করছেন। একপর্যায়ে তাকে টেবিলের ওপর ক্যালকুলেটর চেপে হিসাব কষে গুনে গুনে ঘুষের টাকা গ্রহণ করতে দেখা যায়।
সংশ্লিষ্ট ইউপি সদস্যরা জানান, শতভাগ কাজ করলেও পিআইও জোর করে ঘুষ আদায় করেন। টাকা না দিলে ফাইলে স্বাক্ষর আটকে দেন।
তবে ঘুষ ও কমিশনের বিষয়টি অস্বীকার করেছেন পিআইও বাবুল চন্দ্র রায়। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, "তারা (ইউপি সদস্যরা) কাজ না করেই বিল নিতে আসছিল, তাই অফিসে এসব কথা হয়েছে।"
ক্যালকুলেটরে হিসাব করে টাকা নেওয়ার ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে অপরাগতা প্রকাশ করেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২২জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































