সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪
অ- অ+

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করার প্রায় এক মিনিট পর মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর সংযোগ স্বাভাবিক হলেও এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

স্থানীয়দের দাবি, ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। শুধু কনফারেন্সস্থলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনার পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আলতাপ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, তিনি আগে থেকেই পল্লী বিদ্যুৎ সমিতিকে অনুষ্ঠানের বিষয়ে জানিয়েছিলেন। এরপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

তিনি বলেন, উপজেলা পরিষদের অন্য জায়গায় তখন বিদ্যুৎ সরবরাহ ছিল। বিষয়টি কমিউনিকেশন গ্যাপের কারণে হয়ে থাকতে পারে। পরে তিনি জানতে পেরেছেন, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জিএম মো. কামরুজ্জামান বলেন, ইউএনও কার্যালয়ে বিদ্যুৎ না থাকার বিষয়ে অভিযোগ পাওয়ার পর তাদের লাইনম্যানরা সেখানে গিয়ে বিষয়টি দেখেন।

তার ভাষ্য, কর্মীদের ধারণা ছিল ইউএনও কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ওই লাইনে কাজ করার সময় সংযোগ বন্ধ করা হয়েছিল। এতে অনুষ্ঠানের স্থানেও বিদ্যুৎ চলে যায়।

তিনি বলেন, বিষয়টি জানার পর বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করা হয়। এ সময়ের মধ্যে প্রায় দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার পরই পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বরিশাল জোনে সংযুক্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের, আরাফাতসহ ৭ নেতার রায় আজ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল আজ সিলেট যাচ্ছেন
প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে নির্মিত হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়
উত্তরায় লিবার্টি ক্লাবে অভিযান, ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২