ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
অ- অ+

দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। শেষ ধাপের নির্বাচন হবে আগামী বছরের ২৭ মে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সকালে সভা করে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা, দুর্গাপূজা, রমজান ও ঈদের সময় বিবেচনায় নিয়ে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃবিভাগীয় বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত করা হবে।

তিনি জানান, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের পর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করা হবে। ধাপে ধাপে স্থানীয় সরকারের এসব নির্বাচন সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ১০ বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম ইউপি নির্বাচন হয় ১৯৭৩ সালে। এরপর ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১, ২০১৬ ও ২০২১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ নির্বাচনের পর অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে স্থানীয় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন নির্বাচনের মাধ্যমে এসব পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশোধিত আইন অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। তবে রাজনৈতিক দলগুলো স্থানীয় পর্যায়ে নিজেদের সমর্থিত একক প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে তিন ধাপে আলোচনা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর নিবন্ধনের ক্রম অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। প্রতিটি দলের দুজন করে প্রতিনিধি আলোচনায় অংশ নেবেন।

সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়াই এই আলোচনার অন্যতম উদ্দেশ্য। সংসদ নির্বাচন যেভাবে সুশৃঙ্খলভাবে ও কোনো ধরনের বড় ধরনের গন্ডগোল ছাড়া সম্পন্ন করা হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচনও শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।

দেশে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি।

নির্বাচনী মাঠে বিএনপি-জামায়াত

২০২১ থেকে ২০২২ সালে ধাপে ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তবে ২০১৬ সালের নির্বাচনে দলটি অংশ নিয়েছিল। প্রায় এক দশক পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।

তবে নির্বাচনের মাঠে নামার আগেই বিএনপির সামনে দেখা দিয়েছে সাংগঠনিক চ্যালেঞ্জ। বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। কোথাও কোথাও জনসংযোগও শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

ফলে দলীয়ভাবে একজনকে সমর্থন দিয়ে অন্য প্রার্থীদের তার পক্ষে ঐক্যবদ্ধ করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামী ও এনসিপির সম্ভাব্য প্রার্থীদের মোকাবিলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে কৌশল নির্ধারণও দলটির সামনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

অন্যদিকে ইউপি নির্বাচন সামনে রেখে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটি অনেক এলাকায় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে এবং তাদের কেউ কেউ মাঠে প্রচার-প্রচারণাও শুরু করেছেন।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় লিবার্টি ক্লাবে অভিযান, ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
লালমাটিয়ায় আ.লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক, ধস্তাধস্তিতে আহত
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে গরমের মধ্যেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস