দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫১
অ- অ+

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সংস্থাটির কার্যালয়ে সশরীরে উপস্থিত না হয়ে তিনি বক্তব্য দেওয়ার জন্য ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে শফিউদ্দিন আহমেদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ে শফিউদ্দিন আহমেদ কমিশনে উপস্থিত হননি। তবে তিনি ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে দুদক।

এর আগে দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত এক নোটিশে সোমবার দুপুর সাড়ে ১২টায় সাবেক এই সেনাপ্রধানকে কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। একই সঙ্গে তাকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়। ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা ও তা রেকর্ড করা ‘অপরিহার্য’।

দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল অভিযোগের অনুসন্ধান করছে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। অভিযোগের সত্যতা পাওয়া না গেলে অনুসন্ধানটি বন্ধ করে দেওয়া হতে পারে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজায় টানা ছুটি, কিন্তু সবাই পাবেন না—জেনে নিন কারা ছুটিতে থাকবেন
স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল, কারাগারে অতিরিক্ত পুলিশ সুপার
প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধ: অর্থমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু