বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
অ- অ+

জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফনে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও জাপানের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় স্পট স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৪ দশমিক ৩১ ডলারে নেমে যায়। এর আগে শুক্রবার টানা তৃতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক দরপতন হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৫ ডলারে দাঁড়িয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বর্তমান বাজার পরিস্থিতি স্বর্ণের জন্য অনুকূল নয়। জ্বালানির দাম বাড়ার পাশাপাশি ফেড ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের আগে সুদের হার বাড়ার প্রত্যাশা বেড়ে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

তবে ভূরাজনৈতিক পরিস্থিতি ও মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকায় স্বর্ণের দাম কমলে আবারও ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে বলে মনে করেন তিনি।

গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্যেও সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। আগস্টে দেশটির ভোক্তা মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির মৌলিক সূচকও চার মাসের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধি পেয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠেয় ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়ে প্রায় ৮৬ দশমিক ৫ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল প্রায় ৬৭ শতাংশ।

এদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকও শুক্রবার সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। স্থায়ী মূল্যস্ফীতি, অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি, জ্বালানির দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর আরও কঠোর মুদ্রানীতি নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা মুনাফা না দেওয়া স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে সুদের হার বাড়ার প্রত্যাশা থাকলে স্বর্ণের দামে চাপ তৈরি হয়।

অন্যদিকে সোমবার বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সৌদি আরবে হুথিদের নতুন হামলা এবং উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার ঘটনায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর সঙ্গে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ থাকায় সরবরাহ সংকটের আশঙ্কাও জোরালো হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টাতেও ধাক্কা লেগেছে। ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত একটি বৈঠক পিছিয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ০২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে ১ হাজার ৭৯৬ দশমিক ৯০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম সামান্য পরিবর্তনে ১ হাজার ২৯৮ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি
আরব আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, বিপাকে প্রবাসীরা
ভালোবাসি-ভালোবাসি বলে পাগল করে ফেলেছিল, বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকা আসায় পালিয়েছে ইমন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, মামলা ৪৮