আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করে সফরের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করেছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিসিকের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন।
পরিদর্শন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না সিটি করপোরেশন। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজ সিসিক নিয়মিতভাবে করে আসছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও গতিশীল করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) একটি সমন্বয় সভা করে। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভায় রাষ্ট্রপতির সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সফরসূচি ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













