ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার মাত্র কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়ে যাওয়া একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আগেই ট্রেনটির যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।
কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর ফেরার পথে বরিস জনসনের সঙ্গে একই রেলপথ ব্যবহার করছিলেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। তবে তারা যে ট্রেনে ছিলেন, সেটি হামলার শিকার হয়নি।
রাশিয়া দাবি করেছে, তারা পশ্চিম ইউক্রেনের ‘রেল অবকাঠামোতে’ হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া বলেছে, হামলার লক্ষ্য সম্ভবত ‘কূটনৈতিক ট্রেন’ ছিল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রুশ হামলার আশঙ্কায় ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। এর ফলে কূটনৈতিক ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়। অন্যদিকে, হামলার শিকার ট্রেনটির যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হামলার মাত্র ১৫ মিনিট আগে।
হামলার সময় ইয়াহোদিন স্টেশনে অবস্থানরত অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসও। তিনিও অক্ষত রয়েছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ইউক্রেন ও পোল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আঘাত হানে। ফলে হামলার ঘটনাটি সীমান্তবর্তী এলাকায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












