গাজীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী ও গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাবিবুর রশিদ।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ আনসার, বিজিবি, এসআরবি, কারাগার, এনএসআই, ডিজিএফআই, পাসপোর্ট, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসিসহ গাজীপুর জেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ করে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা ও মিথ্যা মামলাসহ সব ধরনের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হাবিবুর রশিদ জানান, আজকের সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পরবর্তী সভায় সবার আগে আলোচনা করা হবে।
সভা শেষে সভাপতি গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হয়।
(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











