শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে প্রার্থী হওয়ার জন্য আলাদা কোনো বয়সসীমাও নেই বলে জানিয়েছেন তিনি। ভোটার হলেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়া যাবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মীর শাহে আলম। এর আগে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা আলোচনা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার শর্ত না রাখার কারণ ব্যাখ্যা করে মীর শাহে আলম বলেন, আইনে বা সংবিধানে এ ধরনের বাধ্যবাধকতা নেই। একজন সমাজসেবী প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও স্বশিক্ষিত হতে পারেন। তার মেধা ও সামাজিক অবদান থাকলে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা থাকা উচিত।
প্রার্থী হওয়ার বয়সসীমা নিয়েও প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আলাদা কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। ভোটার হলেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়া যাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












