সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
তিনি জানান, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটি ছিল হামলার লক্ষ্য। ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
ইয়াহিয়া সারি বলেন, এসব স্থাপনা হুথিদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
এ ছাড়া হামলাটি ঠিক কবে চালানো হয়েছে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
এদিকে চলতি সপ্তাহে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। এর মধ্যেই সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলার এই দাবি সামনে এলো।
তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













