ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে এক দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের আইয়ুব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৪৫) ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আবুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিরাজুল ইসলাম নিজের বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/১২সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













