এটা পরিষ্কার- শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

গণঅভ্যুত্থানে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন। আবার গুমের শিকার পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দিতেন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে, শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী এবং নিজেই ছিলেন গুমের নির্দেশদাতা।
স্পিকার বলেন, শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। আশ্বস্ত করতেন, তাদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি নিজেই জানতেন, আসলে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন।
‘তার (শেখ হাসিনা) এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বুঝতে পারেনি। এখন জনগণের কাছে সব পরিষ্কার হয়ে গেছে।’ যোগ করেন স্পিকার।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এমন পালানো পালালেন, দেশের বিচারপতিও পালিয়ে গেছেন। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। যত রকমের যে যেই পদে ছিলেন এই ১৭ বছর, সবাই পালিয়েছেন।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম, কবির হাওলাদার প্রমুখ।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













