সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন। কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘দেশ পরিচালনায় সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হই।’
অনুষ্ঠানে বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যের প্রশংসা করে তারেক রহমান বলেন, বিশেষ করে ডক্টর আনিসুজ্জামান ইনোভেশন নিয়ে তার উপস্থাপনা ও বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেগুলোর মধ্য দিয়েই আগামী দিনের কর্মপন্থা মোটামুটিভাবে নির্ধারিত হয়ে গেছে।
এসব কর্মপন্থা ধীরে ধীরে বাস্তবায়ন করা গেলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহযোগিতায় সরকার সবসময় পাশে থাকবে।
পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক ও বিভিন্ন পর্যায়ের গবেষকরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












