৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা ‘নাইন-ইলেভেনের’ ২৫ বছর পূর্ণ হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা চারটি বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলে হামলায় নিহত প্রায় তিন হাজার মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
এ উপলক্ষে রাজধানী ওয়াশিংটনের পেন্টাগনে আয়োজিত মূল স্মরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ‘গ্রাউন্ড জিরোতে’ আয়োজিত প্রধান শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চার প্রেসিডেন্ট—জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, বারাক ওবামা ও জো বাইডেন।
পেন্টাগনে দেওয়া বক্তব্যে ট্রাম্প ৯/১১ হামলার প্রসঙ্গের সঙ্গে তার বর্তমান মধ্যপ্রাচ্য ও ইরান নীতির যোগসূত্র তুলে ধরেন। তিনি বলেন, ২৫ বছর আগে নিহতদের স্মরণে নেওয়া শপথ নতুন করে নবায়ন করা হচ্ছে এবং ওই হামলার কথা কখনো ভোলা হবে না।
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আমরা কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেব না।’
স্মরণ অনুষ্ঠানে ৯/১১ হামলায় বিমান আঘাত হানা এবং টুইন টাওয়ার ধসে পড়ার ঘটনাগুলো স্মরণে ছয়বার ঐতিহ্যবাহী ঘণ্টা বাজানো হয় এবং নীরবতা পালন করা হয়। এবার প্রথমবারের মতো সপ্তমবার ঘণ্টা বাজানো হয় হামলার পর ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালিতে আক্রান্ত হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া মানুষদের স্মরণে।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৯/১১-পরবর্তী বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালির সংস্পর্শে এসে সৃষ্ট বিভিন্ন রোগে গত ২৫ বছরে মূল হামলায় নিহতের তুলনায় তিন গুণেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
নিউইয়র্কে নিহতদের নাম পাঠের সময় স্মরণসভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নিহত টম স্ট্রাডার স্ত্রী এবং ‘৯/১১ ফ্যামিলিস ইউনাইটেড’-এর প্রধান তেরি স্ট্রাডা সৌদি আরবের জবাবদিহি নিশ্চিত করতে মার্কিন সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।
তিনি বলেন, ২৫ বছর পার হলেও তার স্বামীর হত্যাকাণ্ডে সৌদি আরবের ভূমিকার কোনো বিচার তারা পাননি। উল্লেখ্য, ৯/১১ হামলায় অংশ নেওয়া ১৯ জন ছিনতাইকারীর অধিকাংশই ছিলেন সৌদি নাগরিক।
এদিকে পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিল ও কানাডার গান্ডারেও নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়া নিউইয়র্কের টুইন টাওয়ারের ১১০ তলা স্মরণে ইতালির মিলানে ১১০ তলা ভবন বেয়ে ফায়ার ফাইটারদের বিশেষ ‘স্টেয়ার ক্লাইম্ব’ কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












