দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকেরা।
শুক্রবার কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পুনরায় ইলিশ আমদানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
চিঠিতে সংগঠনটি বলেছে, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন ভারতের ব্যবসায়ীরা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তাঁরা।
আমদানিকারকদের দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে এক মাসের জন্য বিশেষভাবে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই সীমিত সময়ের অনুমতি ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।
চিঠিতে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও রন্ধন ঐতিহ্যের কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থাকা স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে বলেও চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













