ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ ও ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, বিএনসিসি, গালর্স গাইড, স্কাউট, রেড ক্রিসেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে ২৫ হাজার কর্মীবাহিনী উপস্থিত হন।
এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিবসহ সরকারের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ আয়োজনে দেশের ৬৪টি জেলা প্রশাসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
ঢাকাসহ সব মহানগর, বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে।
এ কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন।
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ প্রকোপের আগেই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ঘোষণা করেছেন।
ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং রোগটির প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন বলেও জানান তিনি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশব্যাপী এ অভিযানের মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












